সারাদেশ

দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী প্রচারে ময়মনসিংহে তারেক রহমান, তিন জেলায় জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৩১, ২৭ জানুয়ারি ২০২৬
photo

দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। একই দিনে তিনি আরও দুই জেলায় জনসমাবেশে অংশ নেবেন।

 

তারেক রহমানের আগমনকে ঘিরে ময়মনসিংহ নগরী ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতাদের আশা, এ জনসভা স্মরণকালের অন্যতম বৃহৎ জমায়েতে পরিণত হবে।

 

দলীয় সূত্র জানায়, জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

 

এদিকে সোমবার বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, তারেক রহমানের ময়মনসিংহ ও গাজীপুর সফর সম্পর্কে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে অবহিত করা হয়েছে। সমাবেশের অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

সফরসূচি অনুযায়ী, আজ তারেক রহমান ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভা শেষে গাজীপুর রাজবাড়ী মাঠ এবং ঢাকার উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক সমাবেশে যোগ দেবেন। সব কর্মসূচি শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।