সারাদেশ

জ্বালানির মূল্যবৃদ্ধি: পরিবহন ভাড়া নির্ধারণে সবার স্বার্থ রক্ষার আশ্বাস প্রধানমন্ত্রীর উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৬:৪৬, ২১ এপ্রিল ২০২৬
photo

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ ক্ষেত্রে সাধারণ যাত্রী এবং পরিবহন মালিক—উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করে একটি যৌক্তিক পর্যায়ে ভাড়া নির্ধারণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

 

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, জ্বালানির দাম বাড়লে শুধু বাস ভাড়া নয়, বরং ট্রাকের ভাড়া বাড়ার কারণে জীবনযাত্রার ব্যয়ের ওপর বড় প্রভাব পড়ে। সরকার কেবল সাধারণ ভোক্তার স্বার্থ দেখে না, বরং ব্যবসায়ীদের স্বার্থ দেখাও সরকারের দায়িত্ব। কারণ যারা বাস বা ট্রাক চালান, তারাও এই রাষ্ট্রের নাগরিক। সরকার এমন একটি অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে, যেখানে মালিক ও শ্রমিকদের ব্যবসা যেমন ক্ষতিগ্রস্ত হবে না, তেমনি সাধারণ মানুষের ওপরও অতিরিক্ত চাপ পড়বে না।

 

জ্বালানি সংকট প্রসঙ্গে উপদেষ্টা জানান, বর্তমানে সরবরাহে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ ঘাটতি রয়েছে, যা একটি বৈশ্বিক প্রবণতার অংশ। তবে জ্বালানি তেলের মজুত ও সরবরাহে খুব বড় কোনো ঝুঁকি নেই এবং নতুন জাহাজও আসছে।

 

তিনি উল্লেখ করেন, তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কা থেকে অনেক মানুষ প্রয়োজনের তুলনায় তিন-চার গুণ বেশি তেল সংগ্রহ করছেন। এই 'প্যানিক বায়িং' বা আতঙ্কিত হয়ে কেনাকাটার কারণে কিছু পাম্পে দীর্ঘ লাইন এবং সাময়িক সংকট তৈরি হচ্ছে।

 

পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আমাদের দেশে তেলের দাম বা ভাড়া বাড়লে সেই অজুহাতে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম যতটুকু বাড়ার কথা, তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেন। সরকার এই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে।

 

জনগণকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বর্তমান সংকট সবার জন্যই কষ্টের। তবে সবচেয়ে নিম্ন আয়ের বা অসহায় মানুষ যাদের জন্য সামান্য দাম বৃদ্ধিও অনেক বড় চাপের কারণ হয়ে দাঁড়ায়, তাদের জন্য সরকার বিশেষ কর্মসূচি বাড়ানোর পরিকল্পনা করছে। বিশেষ করে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এবং নিম্নবিত্তদের সুরক্ষা দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।