সারাদেশ

ঈদের আগেই স্বাভাবিক হবে জ্বালানি পরিস্থিতি

বেতন-বোনাস নিয়ে কঠোর হুঁশিয়ারি শ্রমমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:৫২, ২৩ এপ্রিল ২০২৬
photo

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে দেশে জ্বালানি তেলের কোনো সংকট থাকবে না বলে আশ্বস্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, বর্তমানে যে সাময়িক সমস্যাটি বিদ্যমান, তা আগামী দুই-তিন দিনের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

বুধবার (২২ এপ্রিল) গাজীপুরে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর ও ঢাকা শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষা এবং শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করার লক্ষে এই সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করতে মালিকপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিল্পাঞ্চলের পরিবেশ নষ্ট করার মতো কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। এ সময় মালিক ও শ্রমিক উভয় পক্ষই শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই দেশে তেলের দাম সমন্বয় করা হয়েছে। তবে সভায় উপস্থিত কারখানা মালিকরা ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জেনারেটর সচল রাখার জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

 

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।