নিজস্ব প্রতিবেদক
দেশের কৃষি খাতে সেচ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে এবং গ্রাম ও শহরের বিদ্যুৎ বণ্টনে বৈষম্য দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে রাজধানী ঢাকাতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান বিদ্যুৎ চাহিদার তুলনায় উৎপাদনে ঘাটতি থাকায় সরকার এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। বিশেষ করে গ্রামের কৃষকরা যেন সেচ মৌসুমে ক্ষতিগ্রস্ত না হন এবং তারা যেন পর্যাপ্ত বিদ্যুৎ পান, সেটি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিমন্ত্রী বলেন, শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে আনতেই ঢাকা শহরে পরীক্ষামূলক এই লোডশেডিং শুরু হচ্ছে।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার (২২ এপ্রিল) দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬.৩৫ মেগাওয়াট। অর্থাৎ প্রতিদিন প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থেকে যাচ্ছে। এই বিপুল ঘাটতি সামাল দিতেই লোডশেডিংয়ের পথে হাঁটছে মন্ত্রণালয়।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারি এবং বিরোধী দল একমত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত বুধবার এই বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার যে পরিবেশ তৈরি করেছে, তা জাতির জন্য একটি ইতিবাচক দিক।
সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন:"নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আমরা বিরোধীদলীয় নেতার সঙ্গেও আলোচনা করেছি এবং তার মূল্যবান পরামর্শ গ্রহণ করেছি। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা জাতির জন্য নতুন পথের দিশা হয়ে থাকবে।"
সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে কৃষি উৎপাদনে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে, যদিও রাজধানীর বাসিন্দাদের এখন থেকে লোডশেডিংয়ের মুখোমুখি হতে হবে।