সারাদেশ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে আইনমন্ত্রীর বড় ঘোষণা

কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:৪৪, ২৪ এপ্রিল ২০২৬
photo


সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নির্বাচনের পর মানুষের আঙুলের ভোটের কালির দাগ মোছার আগেই কৃষকদের ঋণ মওকুফসহ একাধিক জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘উন্নয়ন সংলাপ: কেমন দক্ষিণ পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম এই সংলাপের আয়োজন করে।

আইনমন্ত্রী জানান, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সরকার দেশের প্রায় ১১ লক্ষ কৃষকের প্রায় দেড় হাজার কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করেছে। এছাড়া কৃষকদের সহায়তায় ইতোমধ্যে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করা হয়েছে। তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতরের আগেই ইমামদের জন্য মাসিক ভাতার পাইলট প্রজেক্ট চালু করা হয়েছে।

 

সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষি কার্ড’-কে প্রধানমন্ত্রীর বিপ্লবী অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, “পাইলট প্রজেক্টের মাধ্যমে প্রথম দিনেই ৩৮ হাজার ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগগুলো বাস্তবায়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

 

এলাকার উন্নয়নে খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে আসাদুজ্জামান বলেন, এর মাধ্যমে ভূগর্ভস্থ পানির উত্তোলন কমানো সম্ভব হবে। একইসঙ্গে এসব খালে মাছ চাষ এবং পাড়ে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশকে উন্নত সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

 

বিদ্যুৎ ও মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, “আমরা দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। রাজনৈতিক ও আদর্শিক মতভেদ থাকলেও উন্নয়ন ও জনকল্যাণের প্রশ্নে আমাদের মধ্যে চিন্তার ঐক্য থাকতে হবে।”

 

তিনি আরও যোগ করেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও হিস্যা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই অঞ্চলকে এগিয়ে নেওয়া হবে।

 

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।