নিজস্ব প্রতিবেদক
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, প্রতিকূল পরিস্থিতির মাঝেও দেশের শিল্প খাত তার স্বাভাবিক গতি বজায় রেখেছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনের পর বেসরকারি শিল্পকারখানাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। জ্বালানি সংকট নিয়ে নানা আলোচনা থাকলেও দেশের কলকারখানায় উৎপাদন ব্যাহত হয়নি।
রপ্তানি পরিস্থিতির বিষয়ে তিনি ব্যাখ্যা করেন যে, বর্তমানে রপ্তানিতে যে সামান্য ধীরগতি দেখা যাচ্ছে, তার মূল কারণ অভ্যন্তরীণ জ্বালানি সংকট নয়। বরং বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতির কারণেই রপ্তানি কিছুটা স্থিতিশীল রয়েছে।
শিল্প খাতকে আরও গতিশীল ও টেকসই করতে সরকার নতুন কিছু পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, স্বল্প জ্বালানি নির্ভর শিল্প: যেসব শিল্পে জ্বালানি খরচ কম হয়, সেসব খাতে নতুন বিনিয়োগ উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
দেশের ক্রমবর্ধমান গ্যাস ও তেলের চাহিদা মেটাতে এবং শিল্প সক্ষমতা বাড়াতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি মজুদ ভবিষ্যৎ সংকট মোকাবিলায় সরকার এখন থেকেই প্রয়োজনীয় তেল ও গ্যাস মজুদের বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এই মেলা উদ্বোধনের সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।