নিজস্ব প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁর প্রতিষ্ঠিত দলের মাধ্যমেই দেশের মানুষ আজ রাজনৈতিক ও সামাজিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, তাঁর পরিচয় দিয়ে এবং তাঁর গঠন করা দল দিয়েই আমরা আজ রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি।" তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জিয়ার আদর্শের গুরুত্ব তুলে ধরেন।
নিজ নির্বাচনী এলাকা নান্দাইল প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, তিনি ওই এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করছেন। নান্দাইলের সর্বস্তরের মানুষের স্বপ্ন পূরণ করাই তাঁর লক্ষ্য। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি উপজেলার প্রায় সাড়ে ১২০০ কিলোমিটার সড়কের জরাজীর্ণ অবস্থার কথা সংসদে তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।
বিরোধী দলের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, শুধু মুখে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বললে চলবে না। তিনি বলেন, "মুখে মধু আর অন্তরে বিষ রেখে কোনো লাভ নেই। দেশের স্বার্থে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।" অন্যথায় দেশ বড় ধরনের সংকটে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও সতর্ক করে বলেন, "এমন কোনো কাজ করবেন না যাতে দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিগত সরকারের দুর্নীতি ও অন্যায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তারা চুরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।"
এ সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে তাঁর বক্তব্যকে সমর্থন জানালে তিনি রসিকতা করে বলেন, "আপনারাও সাবধানে থাকবেন, যেন আপনাদের পরিণতিও তেমন (আওয়ামী লীগের মতো) না হয়।"
বিএনপির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, স্বাক্ষরিত 'জুলাই জাতীয় সনদ' পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি দৃঢ়তার সাথে বলেন, "বিএনপি যা কথা দেয়, তা রাখে। জুলাই সনদের ক্ষেত্রে কোনো প্রকার 'যদি' বা 'কিন্তু' নেই, এটি অবশ্যই বাস্তবায়িত হবে।"