সারাদেশ

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬

নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৪:০১, ০১ মে ২০২৬
photo

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (NHSPC) ২০২৬-এর আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা ঘনিয়ে এসেছে। আগামী কাল শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে আগ্রহী শিক্ষার্থীদের এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে মাউশি এই নির্দেশনা প্রদান করে।

আগামী ১৬ মে সারা দেশজুড়ে একযোগে আঞ্চলিক পর্যায়ের প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

 

মাউশির পাঠানো চিঠিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই প্রতিযোগিতার বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি অবহিত করে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে, যাতে তারা শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।