সারাদেশ

স্বৈরাচার বিদায়ের পর এখন দেশ গড়ার পালা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:১৮, ০২ মে ২০২৬
photo

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। এখন ছাত্র, শিক্ষক, শ্রমিক ও নারী-পুরুষসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

 

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকার গঠনের পরপরই বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো দ্রুত চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা কাজ হারিয়ে বেকার হয়েছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রায় এক মাস আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছিল। পাশাপাশি এ বিষয়ে চলতি সপ্তাহে আবারও একটি বৈঠক নির্ধারিত রয়েছে।

 

তারেক রহমান বলেন, কেবল বন্ধ কারখানা চালু করলেই হবে না। দেশের লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করা হচ্ছে এবং নতুন কলকারখানা স্থাপনের জন্য তাদের সব ধরনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশে নতুন কারখানা গড়ে উঠলে শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি হবে। শ্রমিক, কৃষক ও সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলেই সামগ্রিকভাবে বাংলাদেশ ভালো থাকবে।

 

যানজট নিরসন ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য ঢাকার বিভিন্ন সড়ক থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়েছিল। তবে খেটে খাওয়া মানুষের জীবিকার বিষয়টি বিবেচনা করে সরকার তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।

 

এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান, হকারদের পুনর্বাসনের প্রক্রিয়া গতকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করা হবে, যাতে তারা কোনো বিশৃঙ্খলা ছাড়াই সম্মানের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন।