নিজস্ব প্রতিবেদক
ঢাকা দেশব্যাপী বাউল সাধকদের ওপর নির্যাতন বন্ধ এবং বাউল সংগঠক ও সাংবাদিক কবির হোসেনের ওপর হামলার বিচারের দাবিতে রাজধানীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন ২০২৬, রবিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে ‘বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা’এই প্রতিবাদের আয়োজন করে।
প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডলের সভাপতিত্বে ও হীরক রাজার নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তের সাধক ও লোকশিল্পীরা এতে অংশ নেন। বর্তমান জাতীয়তাবাদী সরকারের পক্ষ থেকে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই কর্মসূচিতে সংহতি ও সহযোগিতা প্রকাশ করেন।
মানববন্ধনে বাউল নেতারা জানান, বাউল দর্শন মানুষের মধ্যে সাম্য ও প্রেমের শিক্ষা দেয় এবং ২০০৮ সালে ইউনেস্কো একে বিশ্বের অনন্য সাংস্কৃতিক সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পী ও আখড়ার ওপর বারবার হামলা, ভাঙচুর ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সম্প্রতি পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনের ওপর হামলা বাউল সম্প্রদায়ের মনে গভীর ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
ইতিপূর্বে বাউল শিল্পী আবুল সরকারের মতো সাধকদের হয়রানির সময় এবং বাউলদের ওপর যেকোনো হামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউলদের পাশে দাঁড়িয়ে একে উগ্রবাদী মনোভাবের বহিঃপ্রকাশ বলে নিন্দা জানিয়েছেন।
সংস্থার পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে কবির হোসেনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এছাড়া পদ্মহেম ধামের নিরাপত্তা নিশ্চিত করা, দেশব্যাপী বাউলদের ওপর হওয়া সব নির্যাতনের বিচার এবং ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নেওয়ার আহ্বান জানানো হয়।
সংস্কৃতি রক্ষায় দেশের সর্বস্তরের মানুষকে এই আন্দোলনের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছে সংস্থাটি।