সারাদেশ

আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসবে যোগ দিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:৩৯, ০৭ জুলাই ২০২৬
photo

যুক্তরাজ্যে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব ২০২৬’। আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের নামী শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেবেন। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই উৎসবের বিস্তারিত সূচি ও শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়।

 

এবারের উৎসবে দেশের প্রখ্যাত সংগীতশিল্পী শফি মন্ডল, ডলি মন্ডল ও কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা গান পরিবেশন করবেন। ১০ জুলাই ম্যানচেস্টারের ‘ইউকে ম্যানেজমেন্ট কলেজ’-এ উৎসবের উদ্বোধনের পর ১৫ জুলাই স্কটল্যান্ডে হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ১৮ জুলাই লন্ডনের ‘কুইন মেরি ইউনিভার্সিটি’তে আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা এবং ১৯ জুলাই লন্ডন টাউন হলে সমাপনী উৎসব অনুষ্ঠিত হবে।

 

বিশ্বায়নের এই যুগে নতুন প্রজন্মের কাছে মানবতা ও সাম্যের বাউল দর্শন পৌঁছে দিতেই যৌথভাবে এই আয়োজন করছে ইউকে ম্যানেজমেন্ট কলেজ, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আয়োজকদের মতে, এই উৎসবের মাধ্যমে বিশ্বদরবারে যেমন দেশের লোকসংগীতের মেলবন্ধন ঘটবে, তেমনি আবহমান বাংলার সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়বে।