নিজস্ব প্রতিবেদক
রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন দলের সাথে এক সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো: সুজাউদ্দৌলা এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী।
সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাঁদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। তারেক রহমান রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী রোবটটির অধিকতর প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দেন।
আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনায় বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তারা যদি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চান, তবে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সব সহায়তা দেয়া হবে।”
শিক্ষার্থীরা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতেই কাজ করার এবং নিজেদের উদ্যোগে নতুন কিছু গড়ার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাঁদের সাধুবাদ জানান।
দেশের অর্থনীতিকে আরো গতিশীল করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করে একটি বহুমুখী রফতানি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার।
বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশী সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এসে এই খাতের বিকাশে অবদান রাখা উচিত। দেশের প্রতিটি খাতে সবাই নিজ অবস্থান থেকে দক্ষতার সাথে কাজ করলে বাংলাদেশ আরো দ্রুত এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়।
যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ সারির বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ (MIST MAVIRAV) দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং আয়োজক দেশ কানাডা তৃতীয় স্থান লাভ করে।
প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।