নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা দ্বিতীয় রাতের মতো সামরিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটি, খান ইউনিস ও দেইর আল-বালাহ এলাকায় চালানো এই হামলায় কয়েকজন শিশুসহ অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা গাজায় সামরিক সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। এতে হামাসের 'নুখবা' বাহিনী ও 'মাগাজি' ব্যাটালিয়নের দুই কমান্ডারসহ মোট দুইজন যোদ্ধা নিহত হয়েছেন। এর আগে গত সপ্তাহে জাবালিয়া ব্যাটালিয়নের আরেক সদস্যকেও হত্যা করা হয়েছে বলে জানায় আইডিএফ। তাদের দাবি, নিহত এই তিনজনই ইসরায়েলে হামলার পরিকল্পনা করছিলেন।
তবে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামলায় ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে: একটি আবাসিক ভবনে হামলায় এক শিশুসহ দুইজন নিহত হন। একটি বাড়িতে হামলায় বাবা, মা ও তাদের ৯ বছর বয়সী ছেলে প্রাণ হারান। একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় এক পুরুষ ও এক নারী নিহত হন। উত্তর গাজার জাবালিয়া এলাকায় আলাদা হামলায় আরও একজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 'বোর্ড অব পিস'-এর একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনা হামাস মেনে নেওয়ার ঘোষণার পরদিনই এই হামলা চালালো ইসরায়েল। ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা ও সাম্প্রতিক ১৫ দফার রোডম্যাপে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, অস্ত্র জমা রাখা হবে 'ফিলিস্তিনি ন্যাশনাল কমিটি'র মাধ্যমে, যা বর্তমানে কায়রো থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে প্রেসিডেন্ট ট্রাম্প "মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় পদক্ষেপ" এবং ইসরায়েল এতে "খুবই সন্তুষ্ট" বলে দাবি করলেও, হামাস সত্যি অস্ত্র সমর্পণ করবে কি না তা নিয়ে ইসরায়েল গভীর সন্দেহ প্রকাশ করেছে।
ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এই খসড়া পরিকল্পনাকে 'গ্রহণযোগ্য নয়' বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন জানান, হামলা বন্ধে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি এবং হামাস নিরস্ত্র না হলে পুরো গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বলে তিনি মনে করেন। বর্তমানে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।