নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে এই একমত পোষণ করা হয়।
বৈঠক শেষে কূটনৈতিক সূত্রে জানা যায়, দুই দেশের মধ্যকার সম্পর্ক কেবল চিরাচরিত সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরের ওপর জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বলেন, "বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের দৃঢ় বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত।" দেশে বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বিশেষ করে সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যা দুই দেশের জন্যই লাভজনক হবে।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য একটি ইতিবাচক ও নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে পুঁজি বিনিয়োগে আগ্রহী।
পাশাপাশি সৌদি আরবের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি অভিবাসী কর্মীদের অবদানের কথা উল্লেখ করেন সফররত উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে সৌদি সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।
বৈঠক শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশাবাদ ব্যক্ত করেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে সৌদি প্রতিনিধিদলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুলআজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলার বিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।