নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগকে নিশানা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘আওয়ামী লীগের মুখে মানবাধিকার ও গণতন্ত্রের কথা অত্যন্ত হাস্যকর।’ তিনি অভিযোগ করেন, দলটি অতীতের মতোই এখনো রাজনৈতিক উদ্দেশ্যে ‘জঙ্গিবাদের ন্যারেটিভ’ সামনে আনার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থাকাকালে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আড়াল করতে দলটি যেভাবে জঙ্গিবাদের প্রসঙ্গ তুলত, এখন বিদেশের মাটিতে বসেও একই কৌশল অনুসরণ করছে। শেখ হাসিনা ১৭ বছর ধরে দমন-পীড়ন চালানোর সময় যখনই এসব বিষয় সামনে এসেছে, তখনই তারা জঙ্গিবাদের ন্যারেটিভ তৈরি করেছে।’
মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘ইলিয়াস আলীসহ অসংখ্য মানুষ গুম হয়েছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। জুলাই-আগস্টে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। তখন তাদের মানবাধিকার কোথায় ছিল?’
ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে শামা ওবায়েদ বলেন, কূটনৈতিক ভাষায় ভারতের কাছে ইতিমধ্যেই বাংলাদেশের উদ্বেগ জানানো হয়েছে। ভারতের মাটিতে বসে সাজাপ্রাপ্ত স্বৈরাচার ও আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালালে তা দুই দেশের জনগণের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। তবে জ্বালানি, পানি ও সীমান্ত সমস্যার মতো বহুমাত্রিক বিষয়ে ভারতের সাথে আলোচনা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।