নিজস্ব প্রতিবেদক
জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ি জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এ জন্য যা যা করার প্রয়োজন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব।
রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। সহজভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে জন্মহার কমানোর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান সহ সদর হাসপাতালের কর্মকর্তা ও চিকৎসকরা উপস্থিত ছিলেন।
এর আগে আকস্মিক ঝটিকা সফরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে তাৎক্ষনিক বদলি করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যডাভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদন্নবী মাছুম উপস্থিত ছিলেন।