প্রতিবেদন প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ০৮:৫১
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার বাবার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।
আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষে পাশে থাকা নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন তারেক রহমান। এরপর তিনি একান্তে কিছুক্ষণ বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন।
দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরে বাবার সমাধিতে দাঁড়ানোর এই মুহূর্ত উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।
এর আগে, দুপুর ২টা ৫২ মিনিটে বাসা থেকে বের হন তিনি। কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে সমাধিসৌধ এলাকায় ভিড় করেছে দলটির নেতাকর্মীরা।
এর আগে গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।
পরে বিকালে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনসমুদ্রে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তিনি তুলে ধরেন এক নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের চিত্র, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে।