প্রতিবেদন প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৭:০৮
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড 'স্টেপ ফুটওয়্যার'-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক মিলনমেলা-২০২৬।
২৪ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে কালীগঞ্জের উলুখোলায় অবস্থিত সি-কালব (CCULB) রিসোর্টে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। স্টেপ ফুটওয়্যার পরিবারের আট শতাধিক কর্মকর্তা-কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানটিকে এক বর্ণাঢ্য মহোৎসবে পরিণত করে।
খেলাধুলা, র্যা ফেল ড্র, বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো এই উৎসব কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে। কর্মক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্টেপ ফুটওয়্যার কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে—যারই উজ্জ্বল প্রতিফলন এই আনন্দঘন বার্ষিক মিলনমেলা।
স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আব্দুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির ও পরিচালক তানজিনা আনোয়ার কবিরের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে আরও যোগ দেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় তারকা—অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “স্টেপ ফুটওয়্যার কেবল একটি ব্র্যান্ড নয়—এটি আমাদের এক বৃহৎ পরিবার। আমাদের ধারাবাহিক সাফল্যের প্রকৃত কারিগর হলেন এই নিষ্ঠাবান কর্মীবাহিনী। সততা, পরিশ্রম ও দায়িত্ববোধের মাধ্যমে আপনারাই স্টেপ ফুটওয়্যারকে আজকের এই সাফল্যের উচ্চতায় পৌঁছে দিয়েছেন।“
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে কর্মীদের পেশাগত দক্ষতার পাশাপাশি তাদের মানসিক প্রশান্তি, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই। আজকের এই প্রাণোচ্ছ্বল উপস্থিতি আমাদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস জোগাবে। মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীতেও আমরা দেশের ফুটওয়্যার শিল্পে স্টেপ ফুটওয়্যারের শীর্ষস্থান আরও সুসংহত করতে বদ্ধপরিকর।”
বর্তমান প্রজন্মের জনপ্রিয় তারকা ও অভিনয়শিল্পীদের উজ্জ্বল উপস্থিতিতে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত, আকর্ষণীয় ও স্মরণীয় হয়ে ওঠে। আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টেপ ফুটওয়্যারের ব্যতিক্রমী ও মানবিক করপোরেট সংস্কৃতি এবং অসাধারণ 'টিম স্পিরিট'-এর ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে কর্মীদের সৃজনশীলতা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে প্রতিষ্ঠানের এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে তারা সাধুবাদ জানান।