পোস্টাল ব্যালট: ভোটদান সম্পন্ন করেছেন সাড়ে ৪ লাখ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০১:৪১

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে চার লাখ প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

 

কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট বিভিন্ন দেশে পৌঁছেছে। ব্যালট গ্রহণ করেছেন চার লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার।


ভোটদান সম্পন্ন করছেন চার লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটার। এর মধ্যে দেশে পৌঁছেছে ২১ হাজার ৫০৮ জনের পোস্টাল ব্যালটের ভোট। আর বিভিন্ন দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা আছে তিন লাখ ৭০ হাজার ৩২২ জনের পোস্টাল ব্যালট।


দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছিলেন।

 

এর অর্ধেক দেশে অবস্থানরত ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও কয়েদীরা। আর বাকি অর্ধেক হচ্ছেন প্রবাসীরা।


আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পেপার পৌঁছাতে হবে ভোটারদের। অন্যথায় ব্যালট গণনা করবেন না রিটার্নিং কর্মকর্তা।