প্রতিবেদন প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৭:০৯
ইরানের ওপর গত বছরের চেয়েও ভয়াবহ সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই কড়া বার্তা দেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি হামলা এড়াতে চায় তবে তাদের অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির পথ ত্যাগ করে একটি নতুন চুক্তিতে আসতে হবে।
গত বছরের জুনে ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, এবার যদি ইরান আলোচনার টেবিলে না আসে, তবে আগের চেয়েও বিধ্বংসী আক্রমণের মুখে পড়বে দেশটি।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন: “একটি বিশাল নৌ-বহর অত্যন্ত দ্রুতগতিতে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ভেনেজুয়েলায় পাঠানো বাহিনীর চেয়েও শক্তিশালী এই বহরের নেতৃত্বে রয়েছে রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’। যেকোনো মুহূর্তে এই বাহিনী অভিযানে নামতে প্রস্তুত।”
ট্রাম্পের বার্তায় আলোচনার জন্য কঠোর শর্ত দেওয়া হয়েছে। তিনি বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং ইরানের সামনে এখনই শেষ সুযোগ। তার ভাষ্যমতে, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না এবং এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।
উল্লেখ্য, ট্রাম্পের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর অবস্থান এবং ট্রাম্পের এই সরাসরি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।