প্রতিবেদন প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০১:৩৭
জুলাই গণঅভ্যুত্থানে জাতির অধিকার আদায়ে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমেই শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো সম্ভব। এজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিতে তিনি ভোটারদের অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, ভোটের অধিকার, কথা বলার অধিকার ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই আবু সাঈদ, ওয়াসিমসহ জুলাই আন্দোলনে শহীদ হওয়া হাজারো মানুষের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করা যাবে। তিনি বলেন, “যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেটিকে সম্মান জানাতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে দুটি ব্যালট পেপার দেওয়া হবে—একটিতে ধানের শীষে সিল দেবেন, আরেকটিতে ‘হ্যাঁ’ ও ‘না’র মধ্যে ‘হ্যাঁ’র পক্ষে রায় দেবেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখতে হবে। নিশিরাত ও ডামি নির্বাচনের দিন শেষ হয়েছে উল্লেখ করে জনগণকে ভোটাধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকে গরিব অঞ্চল ভাবলেও এটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। বিএনপি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়া হবে।
কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড বিতরণ এবং অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আমরা আমাদের পরিকল্পনা বলেছি, এখন আপনাদের পরিকল্পনা কী?”
জবাবে জনতা ‘ধানের শীষ’ স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।