২২ বছর পর আজ খুলনায় তারেক রহমান, জনসমুদ্রে রূপ নিচ্ছে খালিশপুর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ১১:৫৬

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর খুলনার মাটিতে পা রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে উপস্থিত হবেন। ২২ বছর পর তারেক রহমানের এই আগমনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

 

রোববার রাত থেকেই খুলনার বাইরের জেলাগুলো থেকে নেতাকর্মীরা শহরে ভিড় জমাতে শুরু করেন। সোমবার সকাল হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হতে থাকেন হাজার হাজার মানুষ।

 

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, আজ বেলা ১১টায় হেলিকপ্টারযোগে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। এরপর দুপুর ১২টায় তিনি প্রভাতী স্কুল মাঠে প্রধান অতিথির ভাষণ দেবেন। সংক্ষিপ্ত সফর শেষে দুপুর ১টায় তিনি যশোরের উদ্দেশ্যে রওনা হবেন।

 

জনসভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। এতে বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থীসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, শারীরিক অসুস্থতা সত্ত্বেও খুলনার মানুষের ভালোবাসার টানে তারেক রহমান এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

 

খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই সমাবেশ কেবল নির্বাচনী প্রচারণাই নয়, বরং এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনের একটি মাইলফলক।

 

এদিকে জনসভাকে কেন্দ্র করে পুরো নগরীতে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং জনসভার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।