নির্ধারিত সময়ে নামাজ আদায় কেন জরুরি? যা বলছে কোরআন ও হাদিস

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ১২:১৬

নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি মুমিনের জীবনের শৃঙ্খলার মূল ভিত্তি। ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করাকে ফরজ করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে সময়মতো নামাজ আদায়ের বিষয়ে কঠোর তাকিদ দেওয়া হয়েছে।

 

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সুরা নিসার ১০৩ নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, “মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ে বিধিবদ্ধ।” রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসেও এর গুরুত্ব বারবার উঠে এসেছে।

 

নবীজি (সা.) নামাজকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “কারও বাড়ির সামনে যদি নদী থাকে এবং সে দিনে পাঁচবার গোসল করে, তবে তার শরীরে যেমন ময়লা থাকে না; তেমনি পাঁচ ওয়াক্ত নামাজও মানুষের গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেয়।”

 

হাদিস শরিফে বলা হয়েছে, কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ সঠিক হবে, তার অন্যান্য আমলও সহজ হয়ে যাবে। আর নামাজে ঘাটতি থাকলে বিপদের আশঙ্কা থাকবে। রাসুল (সা.) আরও জানান, যারা যথাযথভাবে নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন।

 

একাকী নামাজের চেয়ে জামাতে নামাজ আদায়ে ২৭ গুণ বেশি সওয়াব। বিশেষ করে এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করলে যথাক্রমে অর্ধরাত ও সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। তাই নির্ধারিত সময়ে ও জামাতে নামাজ আদায় মুমিনের ঈমান ও আত্মশুদ্ধির জন্য অপরিহার্য।