দেশে টিকার কোনো সংকট নেই, হাম নিয়ে আতঙ্কের কারণ নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৮:৪২

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পেলেও সব ধরনের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বর্তমানে দেশে আগামী ছয় মাসের জন্য টিকার মজুদ রয়েছে এবং পাইপলাইনেও পর্যাপ্ত সরবরাহ আছে। ফলে টিকা নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

 

আজ বুধবার রাজধানীর শাহবাগে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "দেশে টিকার কোনো সংকট নেই। আমাদের হাতে বর্তমানে আগামী ছয় মাসের পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া পরবর্তী সময়ের জন্যও টিকার সরবরাহ আসার পথে রয়েছে। ফলে নিরবচ্ছিন্নভাবে আমরা টিকা কার্যক্রম চালিয়ে যেতে পারব।"

 

সম্প্রতি দেশে হামের প্রকোপ বাড়লেও সরকারের কাছে এর প্রতিষেধক পর্যাপ্ত পরিমাণে থাকায় ভয়ের কিছু নেই বলে তিনি আশ্বস্ত করেন। বাংলাদেশ ও চীনের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আজ শাহবাগে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই চুক্তির লক্ষ্য হলো একটি ‘বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক’ চালু করা।

 

এই চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। করোনা মহামারিসহ বিভিন্ন সংকটে চীন সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে।” স্বাস্থ্য খাতের লোকবল সংকট দূর করতে দ্রুত সময়ের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে বড় ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 

এছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন।