প্রতিবেদন প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৮:৫৭
আসন্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীরা নির্দিষ্ট কিছু মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং এনালগ (কাঁটাযুক্ত) হাতঘড়ি পরীক্ষার হলে সাথে রাখতে পারবেন।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি আটটি নির্দিষ্ট মডেলের ‘নন-প্রোগ্রামেবল’ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। অনুমোদিত মডেলগুলো হলো ,Fx-82MS ,Fx-100MS ,Fx-570MS ,Fx-991MS,Fx-991Ex, Fx-991ES ,Fx-991ES Plus ,Fx-991CW ।
সময় দেখার জন্য পরীক্ষার্থীরা হলে হাতঘড়ি ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হলো, ঘড়িটি অবশ্যই এনালগ বা কাঁটাযুক্ত হতে হবে। কোনো ধরনের ডিজিটাল বা প্রোগ্রামযোগ্য (স্মার্ট ওয়াচ) ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।
শিক্ষার্থীদের সুবিধার্থে এবং পরীক্ষা চলাকালীন স্বচ্ছতা বজায় রাখতে বোর্ড এই সুনির্দিষ্ট তালিকা ও নির্দেশনা প্রদান করেছে। মূলত বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীদের গাণিতিক সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।