প্রতিবেদন প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৪:৪০
দেশের জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশে জ্বালানির কোনো স্থায়ী সংকট নেই; বর্তমানে যে সাময়িক সমস্যা দেখা দিয়েছে, তা আগামী দুই-তিন দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে। এ বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
বুধবার (২২ এপ্রিল) গাজীপুরে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষা এবং শ্রমিকদের বেতন-বোনাস সুশৃঙ্খলভাবে পরিশোধের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় শ্রমমন্ত্রী শিল্প মালিকদের প্রতি কড়া নির্দেশনা দিয়ে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করতে হবে। মালিকপক্ষকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সহ্য করা হবে না।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখেই দেশে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। সভায় উপস্থিত কারখানা মালিকরা ঈদের আগে উৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জেনারেটরের জন্য পর্যাপ্ত ডিজেল নিশ্চিত করার দাবি জানান। জবাবে মন্ত্রী দ্রুত সমাধানের আশ্বাস দেন।