বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৬:১৯

মেরামত শেষ করে উৎপাদনে ফেরার মাত্র ১৫ ঘণ্টার মাথায় আবারও বিকল হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বয়লার টিউব ফেটে যাওয়ায় শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের ৮টি জেলায় নতুন করে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা দেখা দিয়েছে।

 

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ভেঙে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ৪৮ ঘণ্টা সংস্কার কাজ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় ইউনিটটি পুনরায় চালু করা হয়। তবে সচল হওয়ার মাত্র ১৫ ঘণ্টা পার হতেই শনিবার সকালে আবারও বয়লারের টিউব ফেটে যায়, যা কেন্দ্রটিকে পুরোপুরি অচল করে দেয়।

 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ করতে হয়েছে। তিনি বলেন: "বয়লারের টিউব ফেটে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। বর্তমানে বয়লারের স্টিম অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। এটি মেরামত করতে হলে আগে স্টিম ঠাণ্ডা হওয়া প্রয়োজন, যাতে কিছুটা সময় লাগবে।"

 

বড়পুকুরিয়া কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরবঙ্গের আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এর আগে কয়েক দফা বন্ধ ও চালুর পর আবারও এই অচলাবস্থা তৈরি হওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। কবে নাগাদ কেন্দ্রটি পুনরায় উৎপাদনে ফিরতে পারবে, তা বয়লার ঠাণ্ডা হওয়ার পর মেরামত কাজ শুরু হলেই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।