ফিফা কংগ্রেসে ইসরায়েলি প্রতিনিধির পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০১ মে ২০২৬, সময়ঃ ১০:০৬

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেসের মঞ্চে এক নাটকীয় ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলেমানের পাশে দাঁড়াতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) প্রধান জিব্রিল রাজৌব।

 

ইউএনবি’র প্রতিবেদন অনুযায়ী, ফিফা কংগ্রেসের অনুষ্ঠান চলাকালীন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিবদমান দুই দেশের ফুটবল কর্মকর্তাদের একই সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানান। ফিফা সভাপতির আহ্বানে ইসরায়েলি প্রতিনিধি বাসিম শেখ সুলেমান মঞ্চে আসলেও, তার পাশে দাঁড়াতে রাজি হননি ফিলিস্তিনি প্রতিনিধি জিব্রিল রাজৌব।

 

মঞ্চে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজে এগিয়ে যান। তিনি জিব্রিল রাজৌবের বাহুতে হাত রেখে তাকে সামনের দিকে আসার জন্য ইশারা ও অনুরোধ করেন। তবে ফিফা সভাপতির সেই অনুরোধেও সাড়া দেননি রাজৌব। তিনি সুলেমানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে অনড় অবস্থানে থাকেন।

 

ঘটনার বিষয়ে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুসান শালাবি জিব্রিল রাজৌবের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, ইসরায়েলি প্রতিনিধি হিসেবে সুলেমানকে মঞ্চে আনা ছিল মূলত তাদের নেতিবাচক কর্মকাণ্ড আড়াল করার একটি কৌশল।

রাজৌবের উদ্ধৃতি দিয়ে সুসান শালাবি বলেন, ‘ইসরায়েলিরা তাদের ফ্যাসিবাদ ও গণহত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য যাকে (সুলেমান) নিয়ে এসেছে, আমরা কোনোভাবেই তার সঙ্গে হাত মেলাতে পারি না।’

 

মূলত আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এই বড় আসরে ইসরায়েলি নীতির বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা আবারও জানান দিল ফিলিস্তিন। ঘটনার সময় উপস্থিত অন্যান্য দেশের প্রতিনিধিদের মধ্যেও এ নিয়ে বেশ গুঞ্জন তৈরি হয়।