প্রতিবেদন প্রকাশ: ০২ মে ২০২৬, সময়ঃ ০১:০২
সিলেটের সুরমা নদীর দুই তীরের উন্নয়নে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার এক বিশাল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ঐতিহ্যবাহী চাঁদনীঘাট এলাকায় এই উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রকল্পের লক্ষ্য ও বাজেট
প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় সুরমা নদীর দুই তীরের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি একটি টেকসই ও শক্তিশালী বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ করা হবে। মূলত নদীভাঙন রোধ এবং নগরবাসীর জন্য আধুনিক বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।
ভিত্তিপস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের সমস্ত কাজ সম্পন্ন করা হয়।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) জানিয়েছে, এই প্রকল্প সম্পন্ন হলে সুরমা নদীর তীরের দৃশ্যপট বদলে যাবে। টেকসই বাঁধ নির্মাণের ফলে শহর যেমন বন্যা ও নদীভাঙন থেকে রক্ষা পাবে, তেমনি নদীর পাড়ে নাগরিকদের হাঁটাচলা ও সময় কাটানোর জন্য মনোরম পরিবেশ তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরশ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।