প্রতিবেদন প্রকাশ: ২৩ মে ২০২৬, সময়ঃ ০৩:০৯
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির মুখে পড়েছেন একজন গণমাধ্যমকর্মী। দৈনিক মুক্ত খবরের সিনিয়র রিপোর্টার আবু বক্কর সিদ্দিককে মোবাইল ফোনে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাকির ওরফে ‘হোয়াইট জাকির’নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে আজ (২৩ মে) রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
জিডি সূত্রে জানা গেছে, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক তার নিয়মিত পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একটি সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত হোয়াইট জাকির তাকে মোবাইল ফোনে কল দিয়ে জীবননাশের হুমকি প্রদান করেন। এই ঘটনার পর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি আইনের আশ্রয় নেন। পল্টন থানায় তার দায়েরকৃত জিডি নম্বর- ১৭২৮।
অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিকদের হেনস্তা করার বিষয়টি হোয়াইট জাকিরের জন্য নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে একাধিক সংবাদকর্মীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেসব ঘটনায় ইতিপূর্বে ভুক্তভোগী সাংবাদিকরা থানায় লিখিত অভিযোগ ও জিডি দায়ের করেছিলেন। বারবার একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটায় স্থানীয় সাংবাদিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের ওপর এমন অব্যাহত হুমকির ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ জানান, গণমাধ্যমের কণ্ঠরোধ করার হীন উদ্দেশ্যেই সাংবাদিকদের এভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পল্টন থানা পুলিশ জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত হোয়াইট জাকিরের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে ।