প্রতিবেদন প্রকাশ: ১৮ জুন ২০২৬, সময়ঃ ০৯:৫২
ঢাকা মহানগরীর ওএমএস ডিলার নিয়োগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তারিকুল ইসলাম নামে এক বাদী। আজ ১৮ জুন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ জোনে 'ওএমএস ডিলার নিয়োগ-২০২৫' প্রক্রিয়ায় মিথ্যা তথ্য দেওয়া, ট্রেড লাইসেন্স জালিয়াতি, একই পরিবারে একাধিক ডিলার বরাদ্দ এবং তথ্য গোপন করার মতো বেশ কিছু গুরুতর অসঙ্গতির অভিযোগ ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজ ঢাকা রেশনিং দপ্তরে এক তদন্ত কার্যক্রমের আয়োজন করা হয়েছিল।
অভিযোগকারী তারিকুল ইসলাম তদন্তে অংশ নিতে নির্ধারিত সময়ে প্রধান নিয়ন্ত্রক আব্দুল কাদেরের কক্ষে প্রবেশ করেন। কিন্তু তিনি রুমে ঢোকার পরপরই সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তারিকুল ইসলামকে মারধর করে রক্তাক্ত জখম করে এবং জোরপূর্বক একটি কাগজে তাঁর স্বাক্ষর ধমকিয়ে বা জোর করে আনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় রেশনিং দপ্তরের নিরাপত্তা এবং তদন্তের সুষ্ঠু পরিবেশ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।