বৈদেশিক উচ্চশিক্ষায় প্রতারণা রোধ: সুশাসন ও সরকারি নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি FACD-CAB-এর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, সময়ঃ ০৪:২২

বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নামে অনুমোদনহীন ও অসাধু প্রতিষ্ঠানের প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং হয়রানি বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB)। এই খাতে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার্থী সুরক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একটি সরকারি নিয়ন্ত্রক কাঠামো বা কর্তৃপক্ষ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে FACD-CAB জানায়, সাম্প্রতিক সময়ে আলোচিত প্রতারণার ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের সংগঠনের সদস্য নয়। এ ধরনের অনৈতিক ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। তবে কিছু বিচ্ছিন্ন অনিয়ম পুরো খাতের আন্তর্জাতিক ভাবমূর্তি ও বৈধ প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। তাই এ খাতকে একটি আধুনিক, স্বচ্ছ ও আইনসম্মত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা এখন সময়ের দাবি।

 

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলা হয়, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে তাদের নিবন্ধন ও বৈধতা যাচাই করতে হবে। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কোনোভাবেই নগদে পরিশোধ না করে অফিশিয়াল ব্যাংকিং বা ডিজিটাল চ্যানেলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অফার লেটার, লিখিত চুক্তি ও প্রয়োজনীয় নথি যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

খাতটিতে শৃঙ্খলা ফেরাতে সরকারের কাছে একগুচ্ছ সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেছে FACD-CAB। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতের জন্য পৃথক ‘ফরেন এডুকেশন কনসালটেন্সি অ্যাক্ট’ প্রণয়ন, বাধ্যতামূলক লাইসেন্সিং ও অ্যাক্রেডিটেশন ব্যবস্থা চালু এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি ‘ন্যাশনাল রেগুলেটরি অথরিটি’ গঠন করা।

 

এছাড়া, বিদেশগামী শিক্ষার্থীদের ভর্তি, ভিসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণের জন্য ‘স্মার্ট স্টুডেন্ট আইডি সিস্টেম’, অভিযোগ প্রতিকারের জন্য ‘ন্যাশনাল স্টুডেন্ট প্রোটেকশন অ্যান্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’, গন্তব্য দেশের আইন ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে ‘প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ চালু এবং একটি কেন্দ্রীয় ‘ন্যাশনাল এডুকেশন কনসালটেন্সি ডাটাবেজ’ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

FACD-CAB আশাবাদ ব্যক্ত করেছে যে, সরকার, শিক্ষা মন্ত্রণালয়, বিদেশি দূতাবাস, গণমাধ্যম ও বৈধ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্নের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা পরামর্শদান ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকারের নীতি নির্ধারক মহলের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।