প্রতিবেদন প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, সময়ঃ ০৭:৫৬
বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক এক মতবিনিময়সভা ও প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। ধর্মীয় পরিচয় নয়, বরং নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান তিনি।
সনাতন সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের সন্তান, এ দেশের নাগরিক।” একই সাথে তিনি সতর্ক করে দিয়ে বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে দেশের সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্ত্রী জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সব ধর্মাবলম্বীর জান-মাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুর্গাপূজা ও রথযাত্রাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া হয়েছে, যাতে কোনো দুর্বৃত্ত সম্প্রীতি নষ্ট করতে না পারে।
সনাতন সম্প্রদায়ের সমস্যা ও দাবিগুলো সংগঠিতভাবে সরকারের কাছে তুলে ধরার পরামর্শ দিয়ে তিনি বলেন, সরকার আলোচনার মাধ্যমে এসব যৌক্তিক দাবির ইতিবাচক সমাধানে আন্তরিকভাবে কাজ করবে।
তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এ দেশের ইতিহাস ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগের ইতিহাস ধারণ করার ওপর জোর দেন তিনি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী অনুষ্ঠানটির উদ্বোধন করেন। এতে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ উপস্থিত ছিলেন।