প্রতিবেদন প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, সময়ঃ ০৬:২২
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ‘এটা প্রক্রিয়াধীন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে উদ্যোগ নিয়েছে। আলাপ-আলোচনা চলছে, অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবহিত করবে।’রবিবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের এই সফর ছিল মূলত একটি অনুসন্ধানমূলক সফর।
এটি ছিল তার প্রথম ঢাকা সফর। তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী। একইভাবে যুক্তরাষ্ট্রও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায়।’তিনি বলেন, ‘ওয়াশিংটনের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে।
আপনারা হয়তো বৈঠকগুলোর বিষয় দেখেছেন। আমি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ম্যানিলায় গিয়েছিলাম। সেখানেও সার্জিও গরের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে। পরে তিনি ঢাকায় এসে প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে আমিও উপস্থিত ছিলাম।
এরপর শনিবার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।’তিনি উল্লেখ করেন,সব বৈঠকই আন্তরিক ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র আগামী দশকে বাংলাদেশকে এশিয়ার একটি সম্ভাবনাময় প্রযুক্তিগত হাব হিসেবে দেখতে চায়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘এটি ছিল প্রথম সফর। তাই বিস্তারিত আলোচনা হয়নি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সার্জিও গর সংবাদমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মান রয়েছে। এ থেকেই দুই দেশের সম্পর্কের গভীরতা ও পারস্পরিক আস্থার বিষয়টি বোঝা যায়। আমাদের সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছেছে।