প্রতিবেদন প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, সময়ঃ ০২:৩৯
বাইকসহ সব ধরনের মোটরযান চালকদের জন্য এলো জরুরি সতর্কবার্তা! অননুমোদিত যেকোনো ধরনের হর্ন বা হুটার ব্যবহার করলে এবার নিতে হবে আইনি ব্যবস্থার মুখোমুখি।
আজ ৩ আগস্ট, এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) স্পষ্ট জানিয়ে দিয়েছে—মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা যেকোনো বিকট শব্দের হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী, অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস বা রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া সাধারণ কোনো মোটরযানে এ ধরনের বহুমুখী ও তীব্র হর্ন স্থাপন বা ব্যবহার করা যাবে না।
বিআরটিএ জানায়, এ ধরনের অননুমোদিত হর্ন কেবল শব্দদূষণ ও জনস্বাস্থ্য ক্ষতিই করছে না, বরং চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতেও উৎসাহিত করছে—যা বাড়িয়ে দিচ্ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।
তাই বিআরটিএ’র আহ্বান—জরুরি সেবার বাহন ব্যতীত সব ধরনের মোটরযান থেকে অবিলম্বে এসব নিষিদ্ধ হর্ন সরিয়ে ফেলুন। তা না হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।