প্রতিবেদন প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, সময়ঃ ০৩:১২
মিসরের সুয়েজ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্সের তথ্য অনুযায়ী, সোমবার (৩ জুন) স্থানীয় সময় ভোর ৩টার কিছু পর ৫.৬ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে। তবে প্রাথমিক প্রতিবেদনে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর দেশজুড়ে স্বাস্থ্য খাত ও অ্যাম্বুলেন্স সেবাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন মিসরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার। স্বাস্থ্য মন্ত্রণালয় ও মিসরীয় রেড ক্রিসেন্ট যৌথভাবে নিশ্চিত করেছে যে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
জরুরি সাড়া প্রদানের অংশ হিসেবে মিসরীয় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ ভবন এড়িয়ে চলা: ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ বলে মনে হওয়া কোনো ভবনে প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে। সরকারি নির্দেশ অনুসরণ: জনগণকে আতঙ্কিত না হয়ে উদ্ধারকারী সংস্থা ও সরকারের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ভূমিকম্প অনুভূত হওয়া এলাকাগুলোতে প্রস্তুত রাখা হয়েছে রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল।
ভূমিকম্প পর্যবেক্ষণে আন্তর্জাতিক সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৪। তাদের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।