জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, সময়ঃ ০৭:১৩

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এ দেশের সব মানুষের অর্জন। কোনো আন্দোলন সংগ্রাম একদিনে হয় না, দীর্ঘ দিনের ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা আসে।


সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের  উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  


সমাজকল্যাণমন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করা হয়েছে জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি। ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে, যাদের সন্ধান এখনো তাদের পরিবার পায়নি। স্বৈরাচাররা এখনো এ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। বিভাজন এ দেশের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


জুলাই আন্দোলনের শহীদ এবং অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দরা বলেন, জুলাই এককভাবে যাতে কারো পকেটবন্দি না হয়। তারাঁ প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে সম্মানিত করার আহ্বান জানান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।