স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, সময়ঃ ০৭:৪৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। মানুষের দৃষ্টিশক্তি রক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।


রবিবার (২ আগস্ট) ঠাকুরগাঁও ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত পাঁচদিনব্যাপী বাংলাদেশ-নেপাল ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরু হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জেলার মানুষ যাতে ভালো চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন। বাংলাদেশ ও নেপালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আয়োজিত এই ক্যাম্প দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।


অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রদূত প্রতিক কারকি, বিরাট নগর চক্ষু হাসপাতাল (নেপাল) থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, পাঁচদিনব্যাপী এই ফ্রি চক্ষু ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত রোগীদের ছানি অপারেশন করা হবে ও অন্যান্য সেবা দেয়া হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত রোগী এই ক্যাম্পের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। উদ্বোধন শেষে মন্ত্রী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।