প্রতিবেদন প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, সময়ঃ ০২:৫৯
পদত্যাগজনিত কারণে শূন্য হওয়া দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন জাতীয় সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পাবেন। এরপর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় হিসেবে ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এর আগে সকালে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয়। তালিকা হাতে পাওয়ায় এখন কমিশন থেকে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
হাইপ্রোফাইল এই ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের ওপর।
নিয়ম ও সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদিকে স্পিকারের অনুপস্থিতিতে ওই পদের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও দায়িত্ব না নেওয়া পর্যন্ত আইন অনুযায়ী স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্বে বহাল থাকবেন।