বুড়িগঙ্গাসহ রাজধানীসংলগ্ন নদীগুলোর দূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, সময়ঃ ০৩:৫৭

বুড়িগঙ্গাসহ রাজধানীসংলগ্ন নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা কার্যকর বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই ।
 

‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বিশেষ বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।
 

বৈঠকে প্রধানমন্ত্রী বুড়িগঙ্গাসহ আশপাশের নদীগুলোর বর্তমান নাজুক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। নদীদূষণ বন্ধে সংশ্লিষ্ট সব সংস্থাকে অবিলম্বে সমন্বিত উদ্যোগে কাজে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।”

 

দূষণ নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কেবল কর্মপরিকল্পনা প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।”

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গঠিত আন্তঃসংস্থা কমিটি নদীদূষণ রোধে গঠিত কর্মপরিকল্পনা তদারকি ও নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করবে বলে জানা গেছে।