প্রতিবেদন প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, সময়ঃ ০৫:০১
চট্টগ্রামের বাঁশখালীবাসীকে যাতে আর বন্যার কবলে পড়তে না হয়, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, প্রতিবছর বাঁশখালীবাসীকে যাতে আর বন্যা মোকাবিলা করতে না হয় সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব বিলোপের পথে। যার ফলে স্বাভাবিক বৃষ্টি হলেই দুকূল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এজন্য খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে, যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে। পাহাড়ের ঢল যাতে মানুষের বসতবাড়ি না ঢুকে, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফর করবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ উপলক্ষে বাঁশখালীতে আসেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, অ্যাডভোকেট শওকত ওসমানসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।