নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি পেশিশক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালায়, তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। কেউ যদি ভোট দিতে বাধা দেয় তার হাত মুচড়িয়ে দিতে হবে। যদি মামলা করতে আসে তখন বলবেন–ডা. শফিকুর রহমানের নামেই মামলা করুন।
তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই।
আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যুবকরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা সম্ভব হতো না। তাই আগামীতেও যুবসমাজকে জেগে উঠতে হবে।
এই আন্দোলন ও লড়াই তাদের নিয়েই এগিয়ে নেওয়া হবে। খুব শিগগিরই এই যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই।
ঝালকাঠিবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, শরীফ ওসমান হাদি ঝালকাঠির সন্তান। আমরা নির্বাচনে ক্ষমতায় গেলেই হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে।
হাদির দর্শনের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ইনসাফ ও বৈষম্যমূলক বাংলাদেশ। জাতীয় স্বার্থে সেই দর্শনও বাস্তবায়ন করা হবে। গণভোটের ‘হ্যাঁ’তে ভোট দিলে সেটি নিশ্চিত করার সুযোগ আসবে।
দেশ গঠনের বিষয়ে জামায়াত আমির বলেন, চাকরি, দায়িত্ব, পেশার ওপর ভিত্তি করে বেতন কাঠামো নির্ণয় করা হবে। যাতে কারো উচ্চ আকাঙ্ক্ষা না থাকে।
তারপরও যদি চাকরিজীবী কেউ অন্যভাবে উপাজর্নের চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়া হবে। আমরা যুবকদের বেকার ভাতা দেব না, তাদের কর্মসংস্থানে যুক্ত করে দেশগড়ার হাতিয়ার করা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনসিপির ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা মিতু ও এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।
শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদিও জনসভার স্টেইজে উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর এই নির্বাচনী জনসভায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে।